অপ্রতিম হত্যা: ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তির কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যা: ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তির কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
অপ্রতিম হত্যা: ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তির কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপ্রতিম হত্যা মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হলেও পরে আরও একজনকে আটক করা হয়। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়াও এগিয়ে চলছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বয়স যাচাইয়ের বিষয়টিও চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে কয়েকজন কিশোর। দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে জাতীয় পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে সময় কাটাত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের কয়েকজন অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।

তিনি আরও জানান, অপ্রতিমের ব্যবহৃত আইফোনটিও উদ্ধার করা হয়েছে। ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে পাওয়া গেছে। এ ছাড়া মামলার প্রয়োজনীয় আরও কিছু আলামত উদ্ধার করা হয়েছে, যেগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এখন পুলিশ আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, পুলিশ দ্রুততার সঙ্গে মামলার তদন্ত করছে। ইতোমধ্যে অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তার দাফনও করা হয়েছে।

অপ্রতিম হত্যা মামলার বিচার দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনগত প্রক্রিয়া শেষ করে পুলিশ দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ নেবে। এরপর বিচার বিভাগ মামলাটিকে গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। রামিসা হত্যা মামলার মতো অপ্রতিম হত্যা মামলার বিচারও স্বল্প সময়ে শেষ হবে বলে প্রত্যাশা জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।