ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে -সুলতান সালাউদ্দিন টুকু

ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে -সুলতান সালাউদ্দিন টুকু
পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করছে। এর ফলে দেশের যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে মাদক তৈরির কোনো কারখানা নেই। পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে মাদক দেশে প্রবেশ করছে বলে তিনি দাবি করেন। পরিকল্পিতভাবে মাদক ঢুকিয়ে দেশের যুবসমাজকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশের তরুণদের শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ নিরাপদ খাদ্যের জন্য অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে

মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মাদকের কারণে অনেক পরিবার বিপর্যস্ত হচ্ছে। একজন অভিভাবক তার সন্তানের মাদকাসক্তির কারণে কী ধরনের কষ্টের মধ্যে আছেন, অনুষ্ঠানে তার বক্তব্য থেকেও বিষয়টি স্পষ্ট হয়েছে। কোনো কোনো এলাকায় মাদকের বিস্তার ২৩ শতাংশ পর্যন্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এখনই মাদকের লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে এর ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের নিজেদের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেশ গঠনের কাজে সম্পৃক্ত হতে হবে। তরুণরা যদি মাদকের দিকে ধাবিত হয়, তাহলে দেশের ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হবে।

মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকাসক্তির কারণে একটি পরিবার কীভাবে ধ্বংস হয়ে যেতে পারে, তার উদাহরণ সমাজে রয়েছে। তাই কোনোভাবেই মাদকের বিস্তার বাড়তে দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

আরও পড়ুনঃ ধানমন্ডি ও আবাহনী মাঠের ব্যবস্থাপনায় দুই মন্ত্রণালয়ের সমঝোতা

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, বাড়ির আশপাশে ডাবের খোসা, পানির পাত্রসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকলে কয়েক দিনের মধ্যেই সেখানে ডেঙ্গুর মশা জন্ম নিতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি সাবেক সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, তাদের কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, পুরোহিত এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।