বরিশালের আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপজেলার দুটি ইউনিয়নে তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান, সংগৃহীত তথ্য যাচাই এবং নির্ধারিত নিয়ম অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর তথ্য সংকলন এবং পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন সহজ হবে। এ জন্য তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতা বজায় রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে ইউএনও নিরুপম মজুমদার সরকারি দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের পড়ে শোনান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, শামছুল হক খোকন, কার্তিক বেপারী, এনায়েত খান মনু, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামানসহ অন্যরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন সংসদ সদস্য হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের মধ্যে ট্যাব বিতরণ করেন।





