আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ

আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ
আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ

বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬১টি পূজামণ্ডপের জন্য মোট ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের অনুকূলে ৬০০ কেজি করে চালের বরাদ্দপত্র (ডিও লেটার) হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণের (জিআর) চাল বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, শামছুল হক খোকন, কার্তিক বেপারী ও এনায়েত খান মনু।

এ ছাড়া আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যতিন্দ্রনাথ মিস্ত্রী, সদস্যসচিব দীনেশ চন্দ্র হালদার, বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬০০ কেজি চালের বরাদ্দপত্র তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর আগৈলঝাড়া উপজেলায় ১৬১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার প্রতিটি পূজামণ্ডপে ১০০ কেজি করে বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রতিটি মণ্ডপের চালের বরাদ্দ বেড়ে ৬০০ কেজিতে দাঁড়িয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, শারদীয় দুর্গাপূজা অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সবাই যাতে আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করেছে।

চালের বরাদ্দপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। তাঁরা জানান, গত বছরের তুলনায় এবার অতিরিক্ত ১০০ কেজি চাল পাওয়ায় পূজার আয়োজনের ব্যয় সামলাতে সহায়তা হবে। পূজামণ্ডপগুলোর খরচ বেড়ে যাওয়ায় সরকারের এই সহযোগিতা তাঁদের কাজে আসবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।