জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা ফুটে উঠেছে।
তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, কার্তিক বেপারী, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামানসহ অন্যরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১২৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চিন্তার চর্চা আরও বিস্তৃত হবে।





