ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করে এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ সালের মধ্যেই সংবিধান সংশোধনের খসড়া চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন অংশ নেন।
কমিটির পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলকে বিশেষ এই বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।
আমন্ত্রিত দলগুলোর মধ্যে ১৫টি রাজনৈতিক দল সরাসরি সশরীরে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেয় এবং একটি দল লিখিত রূপরেখা প্রেরণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে তাদের প্রস্তাব উপস্থাপন করে।
বৈঠকে জানানো হয়, জুলাই সনদের সকল স্টেকহোল্ডার ও রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর ভিত্তি করেই সংবিধান সংশোধনের খসড়া প্রণয়ন ও পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে।
সনদ বাস্তবায়নে যদি কোনো দলের সুনির্দিষ্ট বা পরিপূরক প্রস্তাব থাকে, তবে তা লিখিত আকারে কমিটির কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ কমিটির সদস্যরা স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণাঙ্গ ও কার্যকর বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





