জনগণের ভাগ্যোন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতকরণকে মূল লক্ষ্য হিসেবে নিয়ে বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম দুর্গাপুর এলাকায় ব্যপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
আজ বৃহস্পতিবার দুপুরে গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় তিনি বলেন, “রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের সেবা ও এলাকার উন্নয়ন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও জীবনের মান বাড়ানোই একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচনে জয়ী হলে বেনাপোলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করবেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন। এতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং জেলা কৃষকদল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
গণসংযোগটি নামাজগ্রাম দুর্গাপুর এলাকা অতিক্রম করার সময় স্থানীয় বাসিন্দা ও ভোটাররা ফুল দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং নিজেদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ সবার কাছে দোয়া ও অব্যাহত সহযোগিতা কামনা করেন।





