ভুটানের উচ্চাকাঙ্ক্ষী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) বাস্তবায়নে বাংলাদেশের পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে সর্বাত্মক অবদান রাখার জোরালো আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি। বৈঠকে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী এই আগ্রহের কথা জানান।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সার্ক গঠনের ঐতিহাসিক ধারণার কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় কার্যকর ও সক্রিয় করার ক্ষেত্রে ভুটানের পূর্ণ সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
ভুটানের রাষ্ট্রদূত নতুন দায়িত্বে নিযুক্ত হওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় গত ২৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বাংলাদেশের রাষ্ট্রপতির উষ্ণ ও প্রথাগত অভ্যর্থনা জানানোর জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে বাংলাদেশে কূটনৈতিক দায়িত্ব পালনে সার্বিক সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশংসা করেন রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি।




