প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি উন্নত হয়েছে এবং আগামী দিনেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারের সাত মাস পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন জানান, সম্প্রতি ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের সাথে বৈঠকে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে গত মঙ্গলবার থেকে তার বাস্তবায়ন শুরু হয়েছে।
শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে এবং অর্থনীতির গতি ধরে রাখতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননসহ এলএনজি আমদানির একাধিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গৃহীত হয়েছে।
সংবাদ সম্মেলনে সরকারের গত সাত মাসের সার্বিক অগ্রগতি তুলে ধরে মুখপাত্র বলেন, গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে ধ্বংসস্তূপের মধ্য থেকে নতুনভাবে দেশকে পুনর্গঠন করা হচ্ছে।
অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি একটি বড় ‘সুসংবাদ’ দেন। মাহ্দী আমিন বলেন, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ‘মুডি’স’ বাংলাদেশের অর্থনৈতিক রেটিং নেতিবাচক থেকে উন্নত করে ‘স্থিতিশীল’ অবস্থায় উন্নীত করেছে। এর ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক মর্যাদা এবং কর্মসংস্থানের বড় সুযোগ সৃষ্টি হবে। এছাড়া পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশে মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের হারও ধীরে ধীরে কমে আসছে।
বিগত এক মাসে সরকারের বহুমুখী কর্মযজ্ঞকে সাতটি প্রধান খাতে ভাগ করে কয়েকটি বড় পদক্ষেপের কথা উল্লেখ করেন মাহ্দী আমিন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
সরকারি কর্মকর্তাদের পে-স্কেল ও ভাতা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকার পে-স্কেল অনুমোদন, পেনশন বৃদ্ধি এবং সমহারে মোবাইল ভাতা প্রদান।
-
সামাজিক সুরক্ষা ও আবাসন: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বস্তিবাসীদের পুনর্বাসনে চীনের অর্থায়নে ১০ হাজার কোটি টাকার বিনামূল্যে ফ্ল্যাট নির্মাণের প্রস্তাবনা।
-
জ্বালানি ও বিদ্যুৎ: ডিজেলের মূল্যে ভর্তুকি বজায় রাখা, জাতীয় গ্রিডে স্থগিত থাকা ১,০৪৬ মেগাওয়াট বিদ্যুৎ পুনরায় যুক্তকরণ এবং ভোলায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন।
-
স্বাস্থ্য ও যোগাযোগ: বিভাগীয় শহরগুলোতে ১৫ তলা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, সারাদেশে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং ঢাকা-চট্টগ্রাম করিডোরে বৈদ্যুতিক ট্রেন চালুর সমীক্ষা।
-
আইন ও বিচার: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিচারে আদালতের রায়ে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ এবং শহীদদের ৭৪টি পরিবারকে সরকারি চাকরি প্রদান।
মাহ্দী আমিন আরও জানান, দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষায় চীন থেকে ২০টি সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের ‘জে-১০ সি’ সুপারসনিক যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এ এস এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা সহ প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





