বিশেষ প্রতিবেদকঃ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিলের রায় নিয়ে দলীয় অবস্থান রাষ্ট্রপতি আবদুল হামিদকে অবহিত করা হয়েছে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (সোমবার) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনী বাতিলে আপিলের রায় নিয়ে দলীয় অবস্থান কী, সে বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে।
জানা গেছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠকের বিষয়বস্তুও রাষ্ট্রপতিকে অবহিত করেন ওবায়দুল কাদের।
এদিকে, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাষ্ট্রপতির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে আসেন। সোয়া ১টার দিকে তিনি বেরিয়ে যান।
গেলো শনিবার রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসভবনে যান সেতুমন্ত্রী। সেখানে দু’জনের মধ্যে বৈঠক হয়।
রোববার বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কাদের বলেন, আমি প্রধান বিচারপতির বাসায় গিয়েছিলাম। আলোচনা এখনো শেষ হয়নি। শেষ হবার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না। সময়মতো সব বলবো।
ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আরো আলোচনা হবে। আমি তাকে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে পর্যবেক্ষণগুলো ছিল, সেগুলো নিয়ে আমাদের দলের বক্তব্য জানিয়েছি।
আজ (সোমবার) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গভবনে প্রধান বিচারপতি এসকে সিনহার উপস্থিতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখানে যে প্রধান বিচারপতি এসেছেন, তা আমি আগে থেকে জানতাম না। তবে তার সঙ্গে আমার কথা হয়নি।





