বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ বা মাস এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, এখনো কোনো তারিখ বা মাস নির্ধারণ করা হয়নি। তবে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক হবে এবং এ জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। যথাযথ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দেওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।
দীনেশ ত্রিবেদী জানান, ভারত চায় সুবিধাজনক সময়ে দ্রুত দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হোক। তাঁর মতে, শীর্ষ পর্যায়ের বৈঠকের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনা সম্পন্ন করা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জের প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য বা চ্যালেঞ্জ থাকতেই পারে। তবে আলোচনা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সেগুলো মোকাবিলা করা সম্ভব। পানি, বাণিজ্য, খেলাধুলা, সংস্কৃতি, চলচ্চিত্র, সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ভারতের হাইকমিশনার আরও বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানো প্রয়োজন। সাধারণ মানুষের স্বার্থকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতকে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানান, তাঁর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বা কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি।





