জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। কয়েকটি ব্যাংকের কর্মকর্তাও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএফআইইউর নির্দেশনায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি যাচাইসংক্রান্ত (কেওয়াইসি) নথি এবং লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গত ২৬ সেপ্টেম্বর রাতে ঘটে যাওয়া ওই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা হয় এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে নেওয়া হয়।
ঘটনার পর সালমান মুক্তাদির বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে বক্তব্য দেন। ২৮ সেপ্টেম্বরের এক ভিডিও বার্তায় তিনি জানান, হামলার ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধার হলেও সেগুলো ফেরত দিতে হবে না।
এর মধ্যেই তার ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার বিষয়টি সামনে এলো।





