বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে কেউ বক্তব্য দিলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে এ ধরনের বক্তব্যের নিন্দা জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্বে অবহেলা ও কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলার প্রাথমিক অভিযোগ পাওয়ার পর একজন পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে।
তিনি বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় সরকার বিবেচনায় নেবে না। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
রাজধানীর মাটিকাটা এলাকায় জমি দখল এবং মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাটিকাটার ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়, কয়েকজনকে গ্রেপ্তার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
মামলা দায়েরের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, কোনো এজাহার থানায় জমা পড়লে সেটি সরাসরি মামলা হিসেবে নথিভুক্ত করা হয় না। প্রথমে প্রাথমিক যাচাই-বাছাই করা হয়। তা না হলে ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে রেকর্ড হয়ে যেতে পারে।
সরকারকে ঢালাওভাবে দায়ী করা কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বক্তব্য দেওয়ার বিষয়েও জনগণই বিচার করবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মাটিকাটার ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিএনপিকে চাঁদাবাজ বলার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণই করবে। এ ধরনের বক্তব্যের তিনি তীব্র নিন্দা জানান।
মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথ যোগাযোগ করেননি। এ কারণে সেখানে সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছিল বলে মনে হচ্ছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি বজায় রাখতে সরকার নিয়মিতভাবে কাজ করছে। একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।





