যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাগআঁচড়া বাজারের বাবু মার্কেটের বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানিয়েছে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন।
আটক ব্যক্তি রিপন (৪১)। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। পরে বাগআঁচড়া বাজারের বাবু মার্কেটের বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার ছাড়াও দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।
বিজিবির হিসাবে, দুটি মোটরসাইকেলের মূল্য ৪ লাখ টাকা, দুটি মোবাইল ফোনের মূল্য ৪০ হাজার টাকা এবং স্মার্ট ঘড়িটির মূল্য ১২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।
গভীর রাতে সংবাদ সম্মেলন নিয়ে সাংবাদিকদের ক্ষোভ
এদিকে স্বর্ণ উদ্ধারের মতো বড় অভিযানের তথ্য দিনের বেলায় জানানো না হলেও গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে অভিযান ও আটকের ঘটনা ঘটলেও বিজিবির পক্ষ থেকে অধিকাংশ সংবাদকর্মীকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। পরে রাত গভীরে সীমান্ত এলাকার একটি পল্লীতে হাতে গোনা কয়েকজন সাংবাদিককে ডেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের তথ্য জানানো হয়।
এতে ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ এবং তাৎক্ষণিকভাবে প্রতিবেদন প্রকাশের সুযোগ থেকে স্থানীয় অনেক সাংবাদিক বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।
সংবাদকর্মীরা আরও বলেন, সীমান্ত এলাকার সংবাদ সংগ্রহের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকরা নিয়মিত বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করেন। গুরুত্বপূর্ণ অভিযানের তথ্য দিনের বেলায় প্রকাশ না করে গভীর রাতে নির্দিষ্ট কয়েকজন সাংবাদিককে নিয়ে ব্রিফিং করায় পেশাগত বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা মনে করেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৬ মিনিটে আয়োজিত প্রেসব্রিফিংয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, জব্দ করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে পাঠানো এবং আটক ব্যক্তি ও অন্যান্য সামগ্রী শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।





