সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছায় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা প্রতিমা নিরজ্ঞনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
পাইকগাছার বাজার খোলায় ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল থেকে ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে উপজেলার পূজা মণ্ডপ। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভে মণ্ডপগুলোতে বিরাজ করছে ভক্তিপূর্ণ পরিবেশ। বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা আর ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে। কেউ কেউ পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের মুহূর্ত স্মরণীয় করে রাখতে ছবি তুলেছেন।
২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী সকল আনুষ্ঠানিকতা শেষে বেলা ৩টা থেকে এলাকার পুজা মন্ডপ গুলো থেকে প্রতিমা বের করে নদী ও পুকুরে বির্সজন ঘাটে এনে রাখা হয়। নারীদের সিঁদুর উৎসব শেষে ঢাক-ঢোল, সানাই,বাজি বাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। এসময় দুর-দুরান্ত থেকে আসা শত শত দর্শনার্থীরা নাচ গানের উৎসবে মেতে উঠে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে নিরজ্ঞন শুরু হয়। এর মধ্যে দিয়ে সনাতন সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটে।এবার পুজা শুরু থেকে আনসার, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।





