বাংলাদেশে দীর্ঘ ছুটির মধ্যে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপনের বিষয়টিকে সরকারের জন্য স্বস্তিদায়ক বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে নিজ বাসভবন থেকে টেলিফোনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে কথা বলেন রিজভী। এ সময় সারা দেশে নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় তিনি আইজিপিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে পুলিশসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিজভী সারা দেশে চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের কারণে এ ধরনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে তিনি আইজিপিকে জানান।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে সরকার ও জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হওয়াকে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।





