উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে
উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে

রক্তশূন্যতাজনিত অসুস্থতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকায় নেওয়ার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) তার চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মিজানুর রহমান মিনু।

বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার অংশ হিসেবে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

অসুস্থ অবস্থাতেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন ভূমিমন্ত্রী। হাসপাতালের শয্যা থেকেই রাজশাহীর স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নিজ নিজ দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।

মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার রাতে বিএনপি ছাড়াও মহানগর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা রামেক হাসপাতালে তাকে দেখতে যান। তারা মন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এর আগে মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত একটি জনসভায় অংশ নিয়েছিলেন মিজানুর রহমান মিনু। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।

নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি অসুস্থতার কথা জানিয়ে দ্রুত সুস্থ হয়ে জনসেবায় ফিরতে সবার কাছে দোয়া কামনা করেন।

এদিকে ভূমিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার খবরে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার শারীরিক অবস্থার উন্নতির প্রত্যাশা করছেন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে বিভিন্ন দলের নেতাকর্মীদের হাসপাতালে গিয়ে তার খোঁজ নেওয়ার ঘটনায় পারস্পরিক সৌহার্দ্যেরও প্রকাশ ঘটেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।