খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি খুলনায় পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী, দাকোপ উপজেলা থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের দিকে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অংশ নেবেন তিনি।
এরপর বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তার।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী হলে বিকেল ৫টায় তিনি ঢাকায় পৌঁছাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে।





