সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস কাউন্টার পরিদর্শন করে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কি না, তা যাচাই করা হয়েছে। তবে বাস কাউন্টার পরিদর্শন করে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পায়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় যাত্রীরা নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর হুমায়ুন রশীদ চত্বরে সিলেট বিভাগীয় ও জেলা বিআরটিএ কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ডালিম উদ্দিন ও বিআরটিএ সিলেট সার্কেলের উপপরিচালক (অপারেশন) আব্দুর রশিদ।
পরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের কাউন্টারগুলো পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
বিআরটিএ সিলেট সার্কেলের উপপরিচালক (অপারেশন) আব্দুর রশিদ বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতনতা বাড়ানো প্রয়োজন। মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, চালক, পথচারী ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে।
তিনি বলেন, সচেতনতা বাড়ানোর লক্ষ্যে হুমায়ুন রশিদ চত্বরে চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সবাই সচেতন হলেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।
এদিকে বাস কাউন্টার পরিদর্শনের সময় যাত্রীদের সঙ্গেও কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় যাত্রীরা জানান, তাঁরা নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারছেন। ফলে বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।





