রাজধানীতে পূর্ণ রূপে হাজির বর্ষা, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে পূর্ণ রূপে হাজির বর্ষা, ভোগান্তিতে নগরবাসী

আষাঢ়ের ১২ দিন আজ। রাজধানীতে পূর্ণ রূপে হাজির বর্ষা। এই সময় কয়েক দফা বৃষ্টি হলেও বুধবারের (২৬ জুন) চিত্রটা একটু আলাদাই। সকাল সাড়ে আটটা নাগাদ শুরু হওয়া বর্ষণ প্রতিবেদন লেখার সময় বেলা সাড়ে ১২টায়ও থামেনি। আবহাওয়া অফিস বলছে, সামনের দিনগুলোতে বৃষ্টি আরও বাড়বে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পথচারী এবং বাইকাররা। এদের কেউ কেউ রাস্তার পাশে বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নেন। আবার অনেকে কাকভেজা হয়েই গন্তব্যে পৌঁছন।

আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, আজ ঢাকাসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারি বর্ষণ হবে। ভোর থেকেই রাজধানীর আকাশ যেন সেই প্রস্তুতিই নিচ্ছিল! সপ্তাহের চতুর্থ কর্মদিবসে অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে বিভিন্ন এলাকায় শুরু হয় ঝুম বৃষ্টি।

এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। সড়কে যানবাহন চলাচল কমে যায়। এই সুযোগে রিকশাভাড়া হয়ে যায় কয়েকগুণ। বাধ্য হয়ে কেউ কেউ ভিজে গন্তব্যে যান, বিশেষ করে অফিসগামী মানুষ। যারা বাসা থেকে হেঁটে বা মোটরসাইকেলে বের হন তারা মাঝ রাস্তায় আটকে পড়েন।

অনেকেই বাসা থেকে বেরিয়ে বৃষ্টিতে আটকে পড়েন, আশ্রয় নেন মেট্রোরেলের পিলারের নিচে। সেখানে অবশ্য ভ্রাম্যমাণ চায়ের দোকানগুলোর বেচাকেনা ভালোই চলছে। পথচারী, ছিন্নমূল মানুষ অনেকে আশ্রয় নেন বিভিন্ন ভবনের আশপাশ, দোকানপাট এবং মেট্রোরেলের পিলারের নিচে।

শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে আপাদমস্তক ভেজা অবস্থায় আশ্রয় নিতে দেখা যায় ছিন্নমূল এক ব্যক্তিকে। তিনি বলেন, আমার বিছানা-কাঁথা সব ভিজে গেছে। আকাশের যে অবস্থা তাতে তো মনে হচ্ছে, এই বৃষ্টি আজকে আর থামবে।

হাইকোর্টের গেটের পিলারের ফাঁকে বসে পোস্টার পড়ছেন এক ব্যক্তি। বৃষ্টি যেখানে থামার নামই নিচ্ছে না, তিনি যেনো সেটা উপভোগই করছেন! তবে আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টি আজই থেমে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।