যশোর জেলা যুবদলের আহ্বায়ক একে আজাদ তমাল, সদস্য সচিব আনসারুল হক রানা ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেল ৪টায় শার্শা উপজেলা সদরে শার্শা উপজেলা যুবদলের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনের ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল, “ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে”, “ষড়যন্ত্র নয়, ন্যায়বিচার চাই”, “মিথ্যা অভিযোগ প্রত্যাহার চাই, ষড়যন্ত্রের অবসান চাই”, “মিথ্যা হয়রানি বন্ধ করো” এবং “সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করো” ইত্যাদি স্লোগান।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল যশোর জেলা যুবদলের আহ্বায়ক একে আজাদ তমাল, সদস্য সচিব আনসারুল হক রানা ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করেন, এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদ আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু ও সবুজ হোসেন, সদস্য আরঙ্গজেব, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মির আলম এবং সদস্য মাসুম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
শার্শা উপজেলা বিএনপির শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদ আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ও বিভিন্ন পোস্টের মাধ্যমে অপপ্রচার, মানহানি এবং আর্থিক ক্ষতির অভিযোগে গত ৩১ মার্চ ২০২৬ তারিখে যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর-২৫৩৩।
জিডিতে উল্লেখ করা হয়, যশোর সদর উপজেলার বানিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে এসকেন্দার আলী জনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে যশোর জেলা যুবদলের আহ্বায়ক একে আজাদ তমাল, সদস্য সচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করে আসছেন। এতে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও অর্থ দাবিও করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানার অফিসার ইনচার্জ বরাবর আবেদন করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
এ ক্যটাগরির আরো খবর..