কক্সবাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি।
একই সঙ্গে কক্সবাজারবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কক্সবাজারেও উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের অন্যতম বড় দেবী দুর্গার প্রতিমা বিসর্জন উৎসবকে ঘিরে বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর সমাগম হতে পারে।
তিনি বলেন, সরকারি ছুটির সময়ে পর্যটক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিজয়া দশমীর দিন সমুদ্রসৈকতসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় মন্ত্রী কক্সবাজার সদরের কালীবাড়ি, সরস্বতীবাড়ি, গোলদীঘির পাড়া, হরিজনপাড়া, বঙ্গপাহাড়, লাবণী পয়েন্ট মোড় এবং খুরুশকুলের রাস মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কক্সবাজারে দুর্গাপূজাকে কেন্দ্র করে পর্যটক ও পূজার্থীদের নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।





