নওগাঁর মান্দায় অত্যন্ত আনন্দঘণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) রাতে তিনি উপজেলার দেলুয়াবাড়ি বাজার সংলগ্ন কুণ্ডুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ এবং প্রসাদপুর বাজার কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে যান।
সংসদ সদস্য প্রসাদপুর বাজার কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপে পৌঁছালে মন্দির কমিটির পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন।
মণ্ডপসমূহ পরিদর্শনকালে এমপি ডা. ইকরামুল বারী টিপু পূজা উদযাপনের সার্বিক আয়োজন, প্রস্তুতি, এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পুণ্যার্থী ও ভক্তদের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। একই সাথে স্থানীয় জনগণের মাঝে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন এবং অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি প্রদান করেন। এমপি টিপুর এই প্রতিশ্রুতিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দারুণ আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে অত্র অঞ্চলের ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।





