প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত সৈয়দপুরের শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত সৈয়দপুরের শিক্ষার্থীরা
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত সৈয়দপুরের শিক্ষার্থীরা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সড়কপথে বাসযোগে রংপুরে যাওয়ার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের দেখে গাড়ি থামান তিনি।

সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, সেলফি তোলেন এবং তাদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখেন। এরপর তিনি বাস থামিয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দেন।

অধ্যক্ষ আরও জানান, এ সময় তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়াতে দুটি ছাত্রাবাস এবং একটি হলরুম নির্মাণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত আবেদনও প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরে গিয়ে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

রাজশাহী সফর শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।