মৌটুসীর বেশি আগ্রহ বিজ্ঞাপনচিত্রেই

বিনোদন ডেস্ক: গত কয়েক মাসজুড়ে অনেকটা ব্যস্ত সময় কাটিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস নাটক ও চলচ্চিত্রে অভিনয় নিয়ে। যে কারণে নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করতে পারেননি তিনি। তবে এর মধ্যে ব্যস্ততা কিছুটা কমে আসায় আবারও বিজ্ঞাপনে নিয়মিত হয়েছেন মৌটুসী। সমপ্রতি নর স্যুপ ও লুসি অলিভ অয়েল নামে দুটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন তিনি। এ প্রসঙ্গে মৌটুসী বলেন, ধারাবাহিক ও খণ্ড নাটকের পাশাপাশি চলচ্চিত্রের কাজ সবমিলিয়ে খুব ব্যস্ত ছিলাম। তাই কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব থাকা সত্ত্বেও করতে পারিনি।

অভিনয়ের পাশাপাশি এ কাজটি আমি দারুণ উপভোগ করি। তাই নিয়মিত না হলেও টুকটাক করার চেষ্টা করি। এক কথায় বিজ্ঞাপনচিত্রের কাজটি আমার কাছে খুবই ভালো লাগে। এ দুটি পণ্যের মডেল হয়েছি। কাজগুলো বেশ ভালো হয়েছে। দর্শকও উপভোগ করবেন বলে আমি বিশ্বাস করি। এদিকে এ মুহূর্তে মৌটুসী অভিনীত দুটি ধারাবাহিক প্রচার চলছে। এর একটি হলো বাংলাভিশনে সেজান মাসুদের পরিচালনায় ‘চলিতেছে সার্কাস’। অন্যটি এটিএন বাংলায় আফসানা মিমির পরিচালনায় ‘সাতটি তারার তিমির’। এছাড়া শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় ‘একঝাঁক মৃত জোনাকি’ নামের একটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় রয়েছে।

পাশাপাশি আসছে ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে দুটি নাটকের কাজ শেষ করেছেন মৌটুসী। টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি চলচ্চিত্রেও সরব রয়েছেন তিনি। আগামী মাসেই মৌটুসী অভিনীত ছবি ‘কৃষ্ণপক্ষ’ মুক্তি পাচ্ছে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।