বিজয়-কোহলির শতকে রানের পাহাড়ে ভারত

স্পোর্টস ডেস্কঃ মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয় আউট হলে খেলায় ফিরেছিল বাংলাদেশ। তবে কোহলির কারণে শেষ পর্যন্ত দিনটা বাংলাদেশের হলো না। শেষ সেশনে আজিঙ্কা রাহানেকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন ভারত অধিনায়ক। আর তাতে প্রথম দিন শেষে হাসি ধরে রাখল স্বাগতিকরা।

হায়দরাবাদে প্রথম দিন শেষে তিন উইকেটে ৩৫৬ রান তুলেছে ভারত। বিরাট কোহলি ১১১ ও রাহানে ৪৫ রানে অপরাজিত আছেন।

এর আগে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। ১৬ বছর পর ভারতের বিপক্ষে ‘ঐতিহাসিক’ টেস্টের প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দিনের প্রথম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে আসেন লোকেশ রাহুল। তাসকিনের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরে বল লেগে বোল্ড হন ভারতীয় ব্যাটসম্যান। ভারতের রান তখন মাত্র ২।

এরপর মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারার ১৭৮ রানের জুটিতে খেলায় ফিরে আসে ভারত। জুটিটা যখন ভয়ংকর হয়ে উঠছিল, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই স্পিনারের বলে উইকেটরক্ষক মুশফিককে ক্যাচ দেন চেতেশ্বর পূজারা। এর আগে পূজারা ও বিজয় মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ ওভারে ১৭৮ রান যোগ করেন। পূজারাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে খানিকটা হলেও স্বস্তি ফেরালেন অফস্পিনার মিরাজ। ১৭৭ বলে ৮৩ রান করে বিদায় নেন ভারতীয় জাতীয় দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পূজারা।

১৯তম ওভারে জীবন পাওয়ার পর শতক পূর্ণ করেই প্যাভিলিয়নে ফিরলেন মুরালি বিজয়। তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন ভারতীয় ওপেনার। এর আগে ১৬০ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বিজয়।

আগামীকাল ভারতের রান বন্যা থামাতে না পারলে কপালে দুঃখ আছে বাংলাদেশের। সেই সঙ্গে ফিল্ডিংটাও হতে হবে ভালো মানের। কারণ আজ বাংলাদেশের ফিল্ডারদের কারণেই এত বেশি রান করতে পেরেছে ভারত।

বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

ভারত একাদশ : লোকেশ রাহুল, মুরালি বিজয়, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।