জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গসংস্থার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন চেয়েছে দেশটি। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মার্কিন আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তের কথাও বাংলাদেশকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান এসব বিষয় জানান।
বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও মানবপাচার ও যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবপাচার প্রতিবেদন (টিআইপি), জ্বালানি খাত—বিশেষ করে এলপিজি, শিক্ষা ও প্রশিক্ষণ এবং ফুলব্রাইট কমিশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এরিক গিলান জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। পাশাপাশি জাতিসংঘ ও এর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সামনে থাকা নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক সিলিকন ভ্যালি সফরের বিষয়েও জানতে চান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানান এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নির্বাচনে মার্কিন প্রার্থীদের সমর্থনের অনুরোধগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।
সিলিকন ভ্যালি সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশের প্রতিনিধিদলের সফর সফল হয়েছে। সফরকালে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং বিভিন্ন প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে একাধিক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।





