৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া যেসব প্রার্থী আগে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করেননি, তাদের আবারও ফর্মটি পূরণ করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে নির্ধারিত সময়ে ফর্ম পূরণ না করার কারণও জানাতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির ৫ নম্বর অনুচ্ছেদে পরীক্ষার্থীদের একটি নির্ধারিত গুগল ফর্ম পূরণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা এখনো ফর্মটি পূরণ করেননি, তাদের নতুন করে ফর্মটি পূরণ করতে হবে।
পিএসসি জানিয়েছে, আগামী ১২ অক্টোবরের মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ফর্মে আগের নির্দেশনা অনুযায়ী সেটি পূরণ না করার কারণও উল্লেখ করতে হবে। পাশাপাশি মৌখিক পরীক্ষার সময়ও এ বিষয়ে প্রয়োজনীয় কারণ জানাতে হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে নির্ধারিত গুগল ফর্মের লিংকও সংযুক্ত করা হয়েছে।
পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশের পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটেও তা প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।





