স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সবসময় জনগণের সরকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় দলটি। বিনা ভোটে কিংবা রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কোনো চিন্তা বিএনপির নেই।
আজ সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না।
উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণ রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে।
বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, অনৈতিক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করা রাজনৈতিক দলগুলোকে জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। সরকারের কোনো ব্যর্থতা কিংবা লোডশেডিংয়ের মতো সমস্যা দেখা দিলে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তী করণীয় তুলে ধরেন। এটিই বিএনপির রাজনৈতিক দায়িত্বশীলতার পরিচয়।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস সুবিধা নিশ্চিত করা, প্রাথমিক চিকিৎসা, সড়ক উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বিএনপি। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী দিনেও ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের সমর্থন জানাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিএনসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াবে।
অনুষ্ঠানে ডিএনসিসির আওতাধীন এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা, আক্রান্ত রোগী শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার লক্ষ্যে একটি অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করা হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে আগত নগরবাসীকে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।





