সাতক্ষীরার তালা উপজেলায় নিজ বাড়ি থেকে হৃদয় (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা ও বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হৃদয়। শনিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে হৃদয় পরীক্ষার ফলাফল নিয়ে নিজের হতাশা প্রকাশের পাশাপাশি বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়েছেন।
চিরকুটে তিনি লেখেন, পরীক্ষার ফলাফলের জন্য নিজেকে ক্ষমা করতে পারছেন না। বাবা-মা তাঁর জন্য নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছেন এবং তিনিও ভালো ফলাফলের জন্য অনেক পরিশ্রম করেছেন। তবে শিক্ষকের ভুলের কারণে এমন ফলাফল হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ও হতাশার কথাও উল্লেখ করেন তিনি। সবশেষে বাবা-মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন জানান, হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তিনি অত্যন্ত ভালো ছেলে ছিলেন বলেও জানান এই স্থানীয় বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত এবং উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।





