লংমার্চ নয়, ১১ দলীয় জোটের কর্মসূচি গাড়ি মার্চ : সংস্কৃতিমন্ত্রী

লংমার্চ নয়, ১১ দলীয় জোটের কর্মসূচি গাড়ি মার্চ : সংস্কৃতিমন্ত্রী
লংমার্চ নয়, ১১ দলীয় জোটের কর্মসূচি গাড়ি মার্চ : সংস্কৃতিমন্ত্রী

১১ দলীয় ঐক্যজোটের কর্মসূচিকে লংমার্চ নয়, বরং গাড়ি মার্চ হিসেবে অভিহিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেছেন, লংমার্চের প্রচলিত ইতিহাস হলো পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে কর্মসূচি পালন করা। কিন্তু ১১ দলীয় ঐক্যজোটের বর্তমান কর্মসূচি গাড়িতে করে পরিচালিত হচ্ছে। তাই এটিকে গাড়ি মার্চ বলাই যথাযথ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে জোটটি তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরবে। মানুষ তাদের কথা শুনবে। এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। দেশে যাদের রাজনীতি করার অধিকার রয়েছে, তারা রাজনীতি করবে।

চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, জেলার পরিস্থিতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যমকর্মীরাই সবচেয়ে ভালো জানেন। তিনি মাত্র একদিনের জন্য এখানে এসেছেন। ফলে তাকে যেভাবে পরিস্থিতি দেখানো হবে, সেভাবেই তিনি বুঝতে পারবেন। তবে এর বাইরে কোনো সমস্যা থাকলে তা জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, চুয়াডাঙ্গায় মাদক, অনলাইন জুয়া, চোরাচালান ও বাল্যবিবাহের মতো সমস্যা রয়েছে। পাশাপাশি আত্মহত্যার প্রবণতাও উদ্বেগজনক। আবহাওয়া ও সামাজিক বিভিন্ন বিষয় এর সঙ্গে জড়িত। এসব সমস্যা সমাধানে জেলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকারের উদ্যোগ

দেশের শিল্প ও সংস্কৃতির প্রসারে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, নজরুল বর্ষ ঘোষণার পর থেকে সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের শিল্প-সংস্কৃতিকে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ৫১টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চায় সরকার।

বাংলাদেশের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের ঐতিহ্য বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সাংস্কৃতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন থেকে সারা দেশে বাউল উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। লোকসংগীত, ভাটিয়ালি ও নৌকাবাইচকে মন্ত্রণালয়ের ঐতিহ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া দাড়িয়াবান্দা, হাডুডু, কাবাডি ও লাঠিখেলার মতো হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলোকে নতুন করে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা রয়েছে বলেও জানান তিনি।

তৃণমূল থেকে প্রতিভাবান শিল্পী খুঁজে আনার উদ্যোগ

তৃণমূল পর্যায় থেকে নতুন শিল্পী ও সাংস্কৃতিক প্রতিভা তুলে আনার বিষয়ে নিতাই রায় চৌধুরী বলেন, স্কুল, মাদরাসা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নাটক, অভিনয়, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা হচ্ছে। এ কার্যক্রমের অন্যতম কেন্দ্রবিন্দু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চুয়াডাঙ্গাতেও নজরুল বর্ষ উপলক্ষে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংস্কৃতিকর্মীদের স্মারকলিপি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

সভায় জেলার সাংস্কৃতিক অঙ্গনের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণ এবং সাংস্কৃতিক উন্নয়নে সরকারি সহযোগিতা কামনা করেন সংস্কৃতিকর্মীরা। পরে বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকলিপি সংস্কৃতিমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র এবং কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন।

এ ছাড়া জেলা জাসাসের সভাপতি শহীদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ অরিন্দম, উদীচী, সংলাপ, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ ও আলমডাঙ্গা কলাকেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বিকেলে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।