বিশেষ প্রতিবেদকঃ জন্মের দুই বছরের মধ্যে নয়, যেকোনো সময় প্রবাসীদের সন্তানরা বাংলাদেশের নাগরিত্ব নেওয়ার সুযোগ পাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার রাজধানীতে নাগরিকত্ব আইনের খসড়া নিয়ে এক গোলটেবিল আলোচনায় আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা জানান।
এ সময় মন্ত্রী আরো জানান, প্রবাসীদের দেশে এসে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন এবং রাজনৈতিক সংগঠন করার অধিকারও নতুন আইনে বহাল থাকছে।
নতুন এই আইনে এর আগে প্রস্তাব করা হয়েছিল বিদেশে অবস্থানকালে প্রবাসীদের সন্তানদের বাংলাদেশের নাগরিকত্ব পেতে হলে জন্মের দুই বছরের মধ্যে নিবন্ধন করতে হবে। তা ছাড়া নতুন আইনের খসড়ায় প্রবাসীদের রাজনীতি করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো, সেটাও বাতিল করা হচ্ছে বলে জানান আইনমন্ত্রী।
তবে রাষ্ট্র ও সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ না করলে নাগরিকত্ব বাতিলের যে বিধান নতুন আইনে রাখা হচ্ছে, তার রাজনৈতিক অপব্যবহার হতে পারে বলে আলোচকরা দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী জানান, এ ব্যাপারেও তাঁরা প্রয়োজনীয় নির্দেশনা আইনে সংযোজন করবেন।





