বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখার জন্য সফররত ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
এপিপিজির চেয়ার ও ব্রিটিশ এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এমপি শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসাইন।
সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় ঢাকা। দেশটিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি বাজার।
ব্রিটেনের দীর্ঘদিনের গণতান্ত্রিক ঐতিহ্য ও সুশাসনের প্রশংসা করে রাষ্ট্রপতি দুই দেশের সংসদীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে পারস্পরিক সফর, সংসদীয় কমিটিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং কর্মকর্তাদের প্রশিক্ষণের মতো উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
এপিপিজির উদ্যোগে জাতীয় সংসদে বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠিত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
বৈঠকের শুরুতে আফসানা বেগম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনে নানা জুলুম-নির্যাতন সহ্য করেও সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তার প্রশংসা করেন।
প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ব্রিটিশ পার্লামেন্টের এপিপিজির সদস্যদের অবদান দেশের মানুষ স্মরণ করবে।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রতিনিধিদলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। জবাবে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন দেশে ও আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতা পেয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর আদলে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের সংসদের জন্য ব্রিটিশ পার্লামেন্টকে একটি অনুসরণীয় মডেল হিসেবে বিবেচনা করা হয় বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।





