বাজেটে ফাঁপা আওয়াজ তৈরি করে সরকার

বিশেষ প্রতিবেদকঃ সরকার ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ৫৫ শতাংশই এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। এরই মধ্যে আবার বড় আকারের বাজেট পেশ করতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এর মধ্য দিয়ে ফাঁপা আওয়াজ তৈরি করতে চাচ্ছে ক্ষমতাসীনরা বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রমজান উপলক্ষে আজ বুধবার রাজধানীর উত্তরায় দুঃস্থদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বস্ত্র ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন ফখরুল।

রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেটে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও ইফতারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির চেয়ারপারসনের দ্বিতীয় দিনের কর্মসূচি। ওয়্যারলেস গেটে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর সরাসরি চলে যায় বাড্ডা এলাকায়। বাড্ডার পর রামপুরায়ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন খালেদা জিয়া। রাজধানীর উত্তরায় একই কর্মসূচিতে চেয়ারপারসনের জন্য অপেক্ষমাণ থাকা দলের মহাসচিব কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

‘কালকে যে বাজেট দেওয়া হবে, সেই বাজেটের পরিমাণ এত বড়, বরাবরই তারা বড় করছে, আরো বড় করছে। এটার একটাই উদ্দেশ্য যে, তারা একটা ফাঁপা আওয়াজ তৈরি করে’, বলেন ফখরুল।

‘ফিফটি ফাইভ পারসেন্ট (৫৫ শতাংশ) আপনার এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারেনি, বাস্তবায়িত করতে পারেনি গত বাজেটের’, যোগ করেন ফখরুল।

গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব।

দুদিনের এই কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর ১৫টি স্থানে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন বিএনপির চেয়ারপারসন। কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এই কর্মসূচি শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।