বিশেষ প্রতিবেদকঃ চলচ্চিত্রসংশ্লিষ্ট আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এসব সামগ্রী বিতরণ করেন বিএনপির চেয়ারপারসন।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিবার’ নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে খালেদা জিয়ার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, চিত্রনায়ক হেলাল খান প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও পরিচালক সাইমন তারেক এনটিভি অনলাইনকে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবছরই এই ধরনের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন খালেদা জিয়া।



