গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা গেছে।
জানাযায়, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর বাউফলের ফাতিমা (২৩) এবং বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো.শানুর (৭০) মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত জানুয়ারি থেকে শের-ই বাংলা মেডিকেলে ১৫৪ জনসহ বরিশাল বিভাগে ১৯৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল। এদিকে সব শেষ তথ্য অনুযায়ী সোমবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ২৯৪ জন রোগী। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ৯৭ জন।



