নদী ও খালের তীর রক্ষা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে কিংবা প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে টেন্ডার বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর শহীদ মাজহারুল মুনির উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্টের আওতায় তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রকল্পের প্রতিটি কাজ স্বচ্ছতা ও সততার সঙ্গে সম্পন্ন করতে হবে। কাজের মান ও সময়সীমা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি যাতে না ঘটে, সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, রহমতখালী ও ওয়াপদা খালের পানির চাপ এবং তীরভাঙনের কারণে দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে বর্ষা ও বন্যার সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়িঘর ও আঙিনায় পানি জমে যায়।
এ সমস্যা মোকাবিলায় স্যান্ড-সিমেন্ট-জিওব্যাগ প্রযুক্তিতে তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি জিওব্যাগ খালের তলদেশ থেকে ওপর পর্যন্ত পর্যায়ক্রমে স্থাপন করা হবে। পানির প্রবল চাপ মোকাবিলায় এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, এই তীর সংরক্ষণ কার্যক্রমের ফলে আগামী ২০ থেকে ৩০ বছর স্থানীয় জনগণ ভাঙনের ঝুঁকি থেকে সুরক্ষা পাবেন বলে আশা করা যায়।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার পর মান্দারী ও দিঘলী থেকে মজুচৌধুরীর হাট পর্যন্ত প্রয়োজনীয় এলাকাগুলোতে ব্লক দিয়ে স্থায়ী তীর সংরক্ষণের জন্য প্রায় ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই ওই প্রকল্পের কাজ শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বি-স্ট্রং প্রকল্পের পরিচালক মোহাম্মদ সামিউল হক, ফেনী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাহিদ উজ জামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





