দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রেখে টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব নয়।
তিনি বলেন, নারীদের শুধু শিক্ষিত করে তোলাই যথেষ্ট নয়; তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে।
হাটহাজারী বালিকা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকার অনগ্রসর জনগোষ্ঠীসহ নারীদের আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছেন। এর পাইলট প্রকল্পে হাটহাজারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর আহ্বান
শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, একটি শিশু দিনের বড় একটি সময় পরিবারের সঙ্গে কাটায়। তাই সন্তানের পড়াশোনা ও চরিত্র গঠনের দায়িত্ব শুধু স্কুল বা শিক্ষকদের ওপর ছেড়ে দিলে হবে না।
সন্তানের বন্ধু নির্বাচন, অবসর সময়ের ব্যবহার এবং কোথায় যাতায়াত করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক ও টিকটকের মতো প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রযুক্তি জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহার ঠেকাতে পরিবারকে সতর্ক থাকতে হবে।
তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর বিনোদনের পাশাপাশি সাধারণ বই পড়ায় উৎসাহিত করার আহ্বান জানান। একই সঙ্গে সন্তানদের ওপর কোনো বিষয় জোর করে চাপিয়ে না দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
হাটহাজারীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয়
হাটহাজারীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন ভূমি প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুধু প্রশাসনের পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়; এ জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
এ লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ‘অপরাধ ও মাদকবিরোধী কমিটি’ গঠন করা হবে বলে জানান তিনি। তথ্যের ভিত্তিতে প্রশাসনের সহযোগিতায় ওই কমিটি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখবে।
প্রান্তিক এলাকার উন্নয়নে অগ্রাধিকার
হাটহাজারীর উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক এলাকাগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এমন প্রকল্প, যেগুলো বাস্তবায়িত হলে তুলনামূলকভাবে কমসংখ্যক মানুষ সরাসরি উপকৃত হলেও এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেগুলোও দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নওশীন আরজান হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, কৃতি শিক্ষার্থী ড. কানিজ ফাতেমা এবং অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মান্নান দৌলত।
স্বাগত বক্তব্য দেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।





