টোকিওতে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সেমিনার

টোকিওতে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সেমিনার
টোকিওতে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সেমিনার

জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে ‘বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে জাপানের সরকারি সংস্থা, শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO)সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বলেন, বাংলাদেশ বর্তমানে দ্রুত অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বৃহৎ অভ্যন্তরীণ বাজার, তরুণ ও দক্ষ জনশক্তি, দ্রুত নগরায়ন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশটিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্যে পরিণত করেছে।

তিনি বলেন, অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি ও ডিজিটাল কানেক্টিভিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব খাতে জাপানি বিনিয়োগকারীদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (MRT), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যমুনা রেলওয়ে সেতু এবং মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরসহ গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে জাপানের সহযোগিতাকে বাংলাদেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও জাপানের বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করতে সম্প্রতি স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (EPA) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন জাপানি উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

সেমিনারে JICA ও শিমিজু কর্পোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে পৃথক পেপার উপস্থাপন করেন। JETRO-এর প্রতিনিধি বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনাময় খাতগুলো নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোররাজী দেশাই বর্মণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন JETRO-এর গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

টোকিও প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।