জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক শান্তি ইনস্টিটিউটের (IPI) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জেইদ রা’আদ আল হুসেইন বৈঠক করেছেন।
নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ এবং সহযোগিতার সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে মতপার্থক্য নিরসনে সংলাপ ও সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন তারা।
আলোচনায় জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর, প্রতিনিধিত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক করার বিভিন্ন দিক উঠে আসে। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এ বৈঠকে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতার সুযোগ নিয়েও মতবিনিময় করা হয়।





