কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা
ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের সম্পর্কের বিকাশ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সময়ে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার যে ভিত্তি তৈরি হয়েছিল, সময়ের সঙ্গে তা আরও বিস্তৃত হয়েছে। বর্তমান বাস্তবতায় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে এই সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রয়োজন রয়েছে।

শ্রমবাজার ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা

বৈঠকে বাংলাদেশ থেকে কুয়েতে জনশক্তি রপ্তানি বাড়ানো, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা।

এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এসব ক্ষেত্রে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং সম্ভাবনাময় অন্যান্য খাতে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বৈঠকের শেষপর্যায়ে বাংলাদেশ ও কুয়েতের জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিউইয়র্ক প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।