ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিসত্তার বৈচিত্র্যকে ধারণ করে একটি বৈষম্যহীন, সম্প্রীতিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
রোববার (২৭ সেপ্টেম্বর) কক্সবাজারে ‘রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী সাচিং প্রু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রেইনবো নেশন’ বা ‘রংধনু জাতি’ ধারণার মূল লক্ষ্য হলো দেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। বৈষম্য দূর করে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় আন্তঃসম্পর্ক উন্নয়ন, পারস্পরিক শ্রদ্ধা এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, বাংলাদেশের বৈচিত্র্যই দেশের অন্যতম শক্তি। বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিসত্তার মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে জাতীয় উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে পার্বত্যমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামসহ পুরো কক্সবাজার অঞ্চলকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাখাইন সম্প্রদায়ের অবদানের প্রশংসা করে সাচিং প্রু বলেন, এ সম্প্রদায় নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি রাখাইন জনগোষ্ঠীর মেধা, কর্ম ও অর্জন বিভিন্ন জাতীয় প্ল্যাটফর্মে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা রাখাইন সম্প্রদায়ের ৩৮ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তাঁদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, সিভিল ও পুলিশ ক্যাডারের কর্মকর্তাসহ বিভিন্ন পেশায় সফল ব্যক্তিরা ছিলেন। জীবিতদের পাশাপাশি মরণোত্তর সম্মাননাও প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে রাখাইন সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মং হলা চিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।





