দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
পাশাপাশি সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নেও একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নই এ পরিকল্পনার মূল লক্ষ্য।
সোমবার (১৯ অক্টোবর) সিলেট সার্কিট হাউসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ে বিজয়ী সিলেট বিভাগের প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে মাঠ ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করাও জরুরি।
তিনি আরও বলেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা দেশের গর্ব।
তাদের অর্জনকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে হবে।
জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেটের বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তাদের সাফল্য সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।
সিলেটে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও খেলার মাঠের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কাবাডি খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের উপযোগী পরিবেশ তৈরির বিষয়টিও বিবেচনা করা হবে।
ক্রীড়া সংগঠকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে হবে।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও এম এ মালিক, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।
এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকেরা অনুষ্ঠানে অংশ নেন।





