সরকারি ২৫টি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত

সরকারি ২৫টি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত
সরকারি ২৫টি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত

প্রকৃত মৎস্যজীবীদের অধিকার সুরক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং সরকারি রাজস্ব বাড়ানোর লক্ষ্যে উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ২৫টি সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৪৩৩ থেকে ১৪৩৮ বঙ্গাব্দ পর্যন্ত মেয়াদে এসব জলমহাল ইজারা দেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি জলমহাল ইজারা প্রদানসংক্রান্ত কমিটির ৯২তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, সরকারি জলমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকৃত মৎস্যজীবীদের অধিকার রক্ষা এবং সরকারের রাজস্ব বৃদ্ধিতে ইজারা প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, উন্মুক্ত ও অনলাইনভিত্তিক ইজারা ব্যবস্থার মাধ্যমে প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে। এতে মৎস্য উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রান্তিক ও প্রকৃত মৎস্যজীবীরা যাতে কোনো বাধা ছাড়াই সরকারি জলমহালের ইজারা সুবিধা পেতে পারেন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি জলমহালের যথাযথ ব্যবহার নিশ্চিত করে খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থান বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ভূমি মন্ত্রণালয় কাজ করছে।

তিনি জেলা প্রশাসকদের অন্যায় তদবির এড়িয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সরকারি জলমহাল ইজারার সুপারিশ দেওয়ার নির্দেশ দেন।

সভায় উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ একরের বেশি আয়তনের সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মৌলভীবাজারের ১১টি, রংপুরের একটি, সিলেটের ১৯টি এবং কুষ্টিয়ার তিনটিসহ চার জেলার মোট ৩৪টি জলমহাল ইজারার প্রস্তাব উপস্থাপন করা হয়।

এ ছাড়া বরিশালের দুর্গাসাগর দিঘি, চাঁপাইনবাবগঞ্জের বিল চুড়ইল জলমহাল, মৎস্য অধিদপ্তরের নিমগাছি প্রকল্পের ৭৭৯টি পুকুরের মেয়াদ বৃদ্ধি এবং হবিগঞ্জের বিল সুতী নদী (বদ্ধ) জলমহাল নিয়েও আলোচনা হয়।

কমিটির সদস্যরা প্রস্তাবগুলো যাচাই-বাছাই করার পর সর্বসম্মতিক্রমে ২৫টি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেন।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা দেওয়ার জন্য ৩৬ জেলার ৮২৮টি জলমহাল সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

এর মধ্যে ২৯ জেলার ৭৮৬টি জলমহালের বিপরীতে ৪১১টি মৎস্যজীবী সমবায় সমিতি অনলাইনে আবেদন করে। এর আগে ২৫ জেলার ১৭৪টি জলমহালের প্রস্তাব কমিটির ৮৯তম, ৯০তম ও ৯১তম সভায় উপস্থাপন করা হয়েছিল।

সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, সায়রাত অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মফিজুল ইসলামসহ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মৌলভীবাজার, সিলেট, রংপুর, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও হবিগঞ্জের জেলা প্রশাসকেরা অনলাইনে সভায় যুক্ত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।