ফের ইমরান সরকারের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর আবারও হামলা করেছে একদল দুর্বৃত্ত।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে হামলা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে শাহবাগ মোড়ে হামলার শিকার হয়েছিলেন ইমরান। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে শাহবাগে মানববন্ধন শেষে তাঁর ওপর হামলা করা হয়েছিল।

ইমরান এইচ সরকার বলেন, গতকালের হামলার প্রতিবাদে আজ বিকেল চারটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। কিন্তু পুলিশ তাদের সেই কর্মসূচি পালন করতে দেয়নি। কর্মসূচি পালন করতে না পেরে তাঁরা ১০-১২ জন যখন হেঁটে পরিবাগের দিকে যাচ্ছিলেন, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে আসার সঙ্গে সঙ্গে ১৫-২০ জন লোক অতর্কিতে তাঁদের ধাওয়া দেয়। তাঁরা দৌড়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেন।

ইমরান এইচ সরকার বলেন, হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা ইটপাটকেল ছুড়েছে। তবে কেউ আহত হয়নি।

এদিকে বৃহস্পতিবার তাঁর ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থানায় একটি মামলা করেছেন ইমরান এইচ সরকার।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান বলেন, বৃহস্পতিবার রাতে ইমরান এইচ সরকার অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ওই মামলা করেন। ঘটনাটি তাঁরা খতিয়ে দেখছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।