প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার অনুসারীদের বিরুদ্ধে দলীয় কার্যালয়, দোকান এবং চালাঘর ভাংচুরের অভিযোগ

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার অনুসারীদের বিরুদ্ধে দলীয় কার্যালয়, দোকান এবং চালাঘর ভাংচুরের অভিযোগ
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার অনুসারীদের বিরুদ্ধে দলীয় কার্যালয়, দোকান এবং চালাঘর ভাংচুরের অভিযোগ এনেছেন আব্দুল খালেক নামে এক আওয়ামী লীগ নেতা। আজ দুপুর ১টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আব্দুল খালেক যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য যশোর-৫ মণিরামপুর আসনের সরকার দলীয় সংসদ সদস্য।
লিখিত বক্তব্যে আব্দুল খালেক উল্লেখ করেন, তিনি নিজ বাড়ির পাশে ১৪ দশমিক ২৬ শতাংশ জমি ক্রয় করে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করেন। এছাড়া ওই জমিতে একটি দোকান ঘর ও দুটি চাল ঘর নির্মাণ করে ব্যবহার করছিলেন। গত ৭ মে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রসুলপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় অংশ নেন।
এসময় তার অনুসারী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ও জামায়াত নেতা মাস্টার ইব্রাহিম হোসেনও মঞ্চে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর তাদের নেতৃত্বে ১৫/২০জন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। একইসাথে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।
বিষয়টি প্রতিমন্ত্রীকে জানালে তিনি এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি। ওই রাতে মামলা দিলেও পুলিশ আইনগত কোন ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় ন্যায় বিচার পেতে তিনি সংবাদ সম্মেলন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।