দুর্যোগ মোকাবিলায় ঢাকায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের উদ্যোগ

দুর্যোগ মোকাবিলায় ঢাকায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের উদ্যোগ
দুর্যোগ মোকাবিলায় ঢাকায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের উদ্যোগ

রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় এক লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্যোগের সময় স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া, উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তায় এসব স্বেচ্ছাসেবীকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা এলাকায় প্রশিক্ষিত টিডিপি সদস্যদের প্রস্তুত রাখা এবং দুর্যোগের সময় তাদের সমন্বিতভাবে মোতায়েনের বিষয় নিয়ে আলোচনা হয়। আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে থাকা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের জরুরি পরিস্থিতিতে ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজে লাগানোর পরিকল্পনাও তুলে ধরা হয়।

বাহিনী সূত্রে জানানো হয়, এসব স্বেচ্ছাসেবী ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন আকস্মিক দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং মানবিক পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে পারবেন।

প্রস্তাবিত এক লাখ টিডিপি স্বেচ্ছাসেবীকে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বৈঠকে একটি রূপরেখা নিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় কার্যকর সাড়াদান সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের সক্ষমতার সঙ্গে আনসার-ভিডিপির বিস্তৃত স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে কীভাবে সমন্বিতভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও মতবিনিময় করেন দুই বাহিনীর মহাপরিচালক। মাঠপর্যায়ে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ সহযোগিতা ও কৌশলগত তথ্য বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে অভ্যন্তরীণ নিরাপত্তা, অগ্নিনির্বাপণ, দুর্যোগ মোকাবিলা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে দুই বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সাক্ষাতেও আনসার-ভিডিপির বৃহৎ স্বেচ্ছাসেবী কাঠামোকে দুর্যোগ ব্যবস্থাপনায় কাজে লাগানোর সম্ভাবনা তুলে ধরা হয়েছিল। রাজধানীর ওয়ার্ড, জোন ও থানা পর্যায়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখার পরিকল্পনার কথাও সেখানে জানানো হয়।

ভবিষ্যতে জাতীয় সংকট ও মানবিক দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।