দেশে টিকার বর্তমান মজুত পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা ও গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার পরিধি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের চলমান কার্যক্রম সম্পর্কেও কমিটিকে জানানো হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা এবং শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে ‘শিশু স্বর্গ’ স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এ ছাড়া চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুতের ব্যবহার, স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।
কমিটি বিভিন্ন ধরনের টিকার মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনার ওপর গুরুত্ব দেয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা কার্যক্রম, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরও জোরদারের সুপারিশ করা হয়।
গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সার্বিকভাবে চিকিৎসাসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে কমিটি।
বৈঠকে হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়ার পাশাপাশি দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





