প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট নিশ্চিতের দাবি লেবার পার্টির

প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট নিশ্চিতের দাবি লেবার পার্টির
প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এ দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে একটি স্মারকলিপি দিয়েছে দলটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ লেবার পার্টির সাত সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের পক্ষ থেকে সিইসির কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

স্মারকলিপি জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার কার্যকরভাবে নিশ্চিত করার লক্ষ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

লেবার পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে মোট ১০টি দাবি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবিও রয়েছে।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। বিদ্যমান আইন ও বিধিমালায় প্রয়োজন হলে সংশোধন আনার উদ্যোগও নিতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার কার্যকর ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া স্থগিত রাখা উচিত বলে দলটি মনে করে।

লেবার পার্টির প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাতে প্রবাসীদের ভোটাধিকার, পোস্টাল ব্যালট ব্যবস্থা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলটির দাবিগুলো তুলে ধরা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।