কোনো শিশুকে শিক্ষার বাইরে রাখা হবে না: সমাজকল্যাণমন্ত্রী

কোনো শিশুকে শিক্ষার বাইরে রাখা হবে না: সমাজকল্যাণমন্ত্রী
কোনো শিশুকে শিক্ষার বাইরে রাখা হবে না: সমাজকল্যাণমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। এ উদ্যোগের আওতায় নবজাতক থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত সমাজের সব শ্রেণির মানুষকে সুরক্ষা ও সুযোগের আওতায় আনার লক্ষ্য রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘Young Journalist Changemakers: Voice for Vulnerable Children’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, শিশুদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের ভেতর থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু হওয়া প্রয়োজন। পরিবারহীন শিশুদের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে।

এসব প্রতিষ্ঠানে শিশুদের থাকার ও পড়াশোনার ব্যবস্থা করার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব। সরকার ও জনগণ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং উভয় পক্ষ একে অন্যের পরিপূরক। বিদ্যমান সম্পদ ও সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিশুরা সরাসরি মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে। বিশেষ করে অভিভাবকহীন শিশুদের জন্মনিবন্ধন সনদ পাওয়া এবং বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে প্রশাসনিক জটিলতার বিষয়টি তারা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানায়।

শিশুদের এসব কথা মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং সমস্যাগুলো সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষক ও মানবাধিকারকর্মীদের উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি পথশিশু, নির্যাতিত শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য নিরাপদ আশ্রয় এবং জরুরি সহায়তা দিয়ে আসছে।

শিশুদের সার্বিক বিকাশকে দেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করে লিডো শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মর্যাদা ও ভবিষ্যৎ উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, এসওএস চিলড্রেন ভিলেজের কান্ট্রি ডিরেক্টর, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরাও অনুষ্ঠানে অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।